তালেবানরা যখন ক্ষমতা দখলের লক্ষ্যে কাবুলের ফটকে অপেক্ষা করছিল, তখন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি দেশ ছেড়ে পালিয়েছেন। সংকটের সময়ে তার এ প্রস্থান নিয়ে সমালোচনায় মুখর দেশটির কর্মকর্তাসহ নাগরিকরা।
আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়াশনের চেয়ারম্যান আবদুল্লাহ আশরাফ গানির কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, ‘আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট দেশের জনগণকে এই অবস্থায় রেখে দেশ ছেড়েছেন।’
তিনি আরো বলেন, ‘আল্লাহ’র কাছে তাঁকে জবাব দিতে হবে। জনগণও এর জবাব দেবে।’
সরকারের সঙ্গে গত কয়েক মাসের শান্তি আলোচনায় গানির পদত্যাগ ছিল তালেবানের অন্যতম দাবি।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, গনি দেশে ছেড়েছেন। তবে কোথায় যাচ্ছেন, তা জানাননি।
আর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে তাজিকিস্তান যাচ্ছেন। ইতিমধ্যে রাজধানী কাবুল ছেড়েছেন তিনি।
গানি দেশ ছাড়ার পর প্রেসিডেন্ট প্রাসাদের দখল নেয় তালেবানরা। তারা এখন আর অন্তবর্তীকালের সরকার নয়, সরাসরি ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন।