আফগানিস্তানকে ‘ইসলামিক এমিরেট অব আফগানিস্তান’ হিসেবে ঘোষণা করতে যাচ্ছে তালেবান। রবিবার কাবুলে প্রবেশের পর দেশটির প্রেসিডেন্ট প্রাসাদ দখলে নেয় তারা। এরপর তাদের এক মুখপাত্র টুইটারে এ ঘোষণা দেন। খবর দ্য গার্ডিয়ান।
এর আগে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গানি দেশ ছেড়ে পালিয়ে যান। তিনি কোথায় আছেন এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। তবে একটি সূত্র বলছে তিনি তাজাকিস্তানে আছেন।
তালেবানরা রবিবার সকাল থেকে কাবুলের সীমান্তে অবস্থান নিলেও পরে তারা শহরে প্রবেশ করে। তাদের একটি প্রতিনিধি দল সরকারের সঙ্গে বৈঠক করতে প্রেসিডেন্ট প্রাসাদে যায়। তারা সেখান থেকে প্রেসিডেন্ট প্রাসাদ নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দেয়।
এ ছাড়া তালেবানদের পক্ষ থেকে বলা হয়, অন্তবর্তকালীন সরকার নয়, তারা সরাসরি ক্ষমতা নিতে চায়।
বিবিসি জানায়, তবে প্রেসিডেন্ট প্রাসাদে এখন আসলে পরিস্থিতি কী তা স্পষ্ট নয়। স্থানীয় সাংবাদিক বিলাল সারওয়ারি জানাচ্ছেন, তালেবানের সাথে মতৈক্য হয়েছিল যে গানি প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষমতা হস্তান্তরের অনুষ্ঠানে যোগ দেবেন। কিন্তু তার পরিবর্তে তিনি ও তার সহযোগীরা দেশ ত্যাগ করেন। প্রাসাদের কর্মচারীদের চলে যেতে বলা হয় এবং এরপর প্রাসাদটি জনশূন্য অবস্থায় পড়ে থাকে।
তবে প্রেসিডেন্ট প্রাসাদের বিষয়ে আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা কোনো খবর নিশ্চিত করেননি।