নারী চিকিৎসককে উত্ত্যক্ত করায় ২ তরুণের কারাদন্ড

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী চিকিৎসককে উত্ত্যক্ত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে গত শনিবার রাতে দুই তরুণকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। তারা হলো উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া গ্রামের মেহেদী হাসান (২০) ও সবুজ হোসেন (২০)।

শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, গত শনিবার রাতে পোতাজিয়ায় অবস্থিত শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামীমা আছাদ হাসপাতালে রোগী দেখে একটু বাইরে এসে দাঁড়ালে মেহেদী ও সবুজ তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে। এছাড়া মাঝেমধ্যেই তারা তার মোবাইল ফোনের মেসেঞ্জারে আপত্তিকর ছবি ও ভিডিও পাঠায়। বারবার তাদের নিষেধ করা সত্ত্বেও তারা কথা না শোনায় বিষয়টি শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। তার নির্দেশে শাহজাদপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুই তরুণকে আটক করে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দুই যুবককে এক বছর করে কারাদন্ড দেন।