পাবজি-ফ্রি ফায়ার বন্ধের নির্দেশ, টিকটক-বিগো নিয়ে রুল

পাবজি ও ফ্রি ফায়ারসহ এ ধরনের বিপজ্জনক সব অনলাইন গেম তিন মাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

একই সঙ্গে টিকটক, লাইকি ও বিগোসহ এ ধরনের অন্যান্য অ্যাপস কেন বন্ধ করা হবে না তা ১০ দিনের মধ্যে জানাতে রুল দিয়েছে আদালত।

একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়া এ ধরনের অনলাইন গেইম এবং স্ট্রিমিং অ্যাপ নিয়মিতভাবে পর্যবেক্ষণ, পর্যালোচনা করার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন এবং এ বিষয়ে একটি নীতিমালা তৈরির নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হুমায়ুন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ বলেন, ‘দেশের অনলাইন প্লাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ারসহ এ জাতীয় গেইম তিন মাস বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।’