বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০০ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা ব্র্যাকের

কক্সবাজারে সম্প্রতি আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের ২৫০০ জন সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

জেলার উখিয়ার জালিয়াপালং, পালংখালী, রাজাপালং, রত্নাপালং, হলদিয়াপালং এবং টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা, বাহারছড়া, টেকনাফ সদর, সাবরাং ইউনিয়নসমূহে এই সহায়তা দেওয়া হয়। ৫০০ পরিবারের মধ্যে উখিয়ায় ২৩৫টি এবং টেকনাফের ২৬৫টি পরিবার অন্তর্ভুক্ত।

জাতিসংঘের প্রকল্প সহায়তা কার্যালয় (UNOPS) এর মাধ্যমে ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিস (এফসিডিও-FCDO) এর অর্থায়নে ব্র্যাকের মানবিক সহায়তা কর্মসূচি (এইচসিএমপি) গত ১৪ আগস্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে এই সহায়তা প্রদান করে।

সহায়তা হিসেবে যেসব উপকরণ দেওয়া হয়েছে, সেগুলো হল: ৫০০টি করে মগ, তরকারির বাটি, চামচ, ভাতের বাটি, সোলার ল্যাম্প,পাটের ব্যাগ ও ৫০০ জোড়া জুতো। এছাড়া ৩০০০টি সাবান, ১০০০টি পানির গ্লাস ও ভাতের প্লেট বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- দুর্যোগ ঝুঁকি হ্রাস- সেক্টর স্পেশালিস্ট শুভ কুমার সাহা সহ ব্র্যাক এর মাঠ পর্যায়ের কর্মী ও স্থানীয় নেতারা।

সহায়তা নিতে আসা টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহ্পরীর দ্বীপের বাসিন্দা রোজিনা আক্তার (৩৮) তার অনুভূতি প্রকাশ করে বলেন, এবারের হঠাৎ বন্যায় আমরা বেশ ক্ষতিগ্রস্ত হই। বন্যার পানিতে ঘর-বাড়ি ডুবে যাওয়ার কারণে জীবন-জীবিকা দুর্বিষহ হয়ে উঠে। এমনি এক কঠিন সময়ে ব্র্যাক এই উপকরণগুলো দিয়ে আমাদের অনেক উপকার করেছে। এতে আমরা অনেক আনন্দিত।

এই প্রসঙ্গে ব্র্যাক এইচসিএমপি-এর এরিয়া ডিরেক্টর হাসিনা আখতার হক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে ব্র্যাক সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে। যা এখনও অব্যাহত আছে। এবার ভারী বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এ রকম প্রাকৃতিক দুর্যোগে সরকারের পাশাপাশি ব্র্যাকের মাঠ পর্যায়ের কর্মীরাও ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে যাচ্ছেন।

এভাবে সরকার ও বেসরকারি উন্নয়ন সংস্থাসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রাকৃতিক দুর্যোগকে আমরা সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হবো।