আফগানিস্তান থেকে যাত্রী নিয়ে যাওয়ার সময় উড়ন্ত বিমান থেকে মানুষ ছিটকে পড়ার একটি ভিডিও প্রকাশ করেছে তেহরান টাইমস।
টুইটারে ভিডিওটি পোস্ট করে তেহরান টাইমস লিখেছে, বিমানের চাকায় নিজেদের বেঁধে আফগানিস্তান থেকে পালানোর চেষ্টা করছিল দুইজন। দুঃখজনকভাবে তারা ছিটকে পড়ে যান।
আরো কয়েকটি সংবাদমাধ্যম একই ভিডিও প্রকাশ করে। তারা লিখেছে, তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে এমন চিত্র দেখা যাচ্ছে।
সোমবার (১৬ আগস্ট) দুপুরের ভিডিও হিসেবে সংবাদমাধ্যমগুলো ভিডিওটি প্রচার করছে।
আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে।
তবে তারা পদদলিত হয়ে নাকি গুলিতে নিহত হয়েছে তা স্পষ্ট নয় বলে জানিয়েছে আলজাজিরা।
একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি গাড়িতে করে পাঁচটি মরদেহ নিয়ে যেতে দেখেছেন।
ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, কাবুল বিমান বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে সোমবার গুলিতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। তবে কে বা কারা গুলি চালিয়েছে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
রবিবার তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়া পর যত দ্রুত সম্ভব বিমানে দেশ ছাড়তে বিমানবন্দরে আফগানদের নজিরবিহীন হুড়োহুড়ি করতে দেখা গেছে।
এছাড়া অগ্রাধিকার ভিত্তিতে কেবল দূতাবাস কর্মীদের আগে যেতে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।