আফগানিস্তান থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার করা হবে: ডিএমপি কমিশনার

আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবানের আহ্বানে যারা হিজরত করতে দেশ ছেড়েছেন তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করলেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

সোমবার ডিএমপির নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, তালেবানরা রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার পরই ঘোষণা করবে তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। তালেবানরা আরও বলবে, আমেরিকাকে যুদ্ধে পরাজিত করে আফগানিস্তানকে স্বাধীন করেছি। এ প্রেক্ষাপটে তরুণদের (যারা জিহাদ করতে চান) ভেতর উৎসাহ তৈরি হবে। এ ঢেউ ভারতীয় উপমহাদেশসহ সব দেশেই লাগবে। এসব নিয়ে বাংলাদেশের গোয়েন্দারা সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি বলেন, যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তা দেশের সব লেভেলেই অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা উচিত। সে অনুযায়ী আমাদের প্রস্তুতি রাখা দরকার।

তিনি আরও বলেন, আমাদের প্রস্তুতি আছে-তবে যে ঢেউটা শুরু হবে তা মোকাবিলার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু পুলিশের একার পক্ষে নয়, প্রত্যেক অভিভাবক ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ প্রত্যেকের সহযোগিতা করা উচিত। যদি কারওর সন্তান কিংবা ছাত্র হঠাৎ করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়, তাহলে তার বিষয়ে দ্রুত পুলিশকে জানানো উচিত।

বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান নিয়ে ডিএমপি কমিশনার বলেন, আফগান ফেরত বাংলাদেশিরাই পরে বাংলাদেশের হরকাতুল জিহাদ (হুজি) ও জেএমবিসহ একাধিক জঙ্গিগোষ্ঠী তৈরি করেছিল। এসব জঙ্গিগোষ্ঠী তৈরির প্রাথমিক উদ্দেশ্য ছিল তারা কাশ্মীরে গিয়ে যুদ্ধ করবে। তারা আফগানিস্তানে যুদ্ধ করে জয় লাভ করেছে, কাশ্মীরে গিয়ে যুদ্ধ করেও জয়লাভ করবে বলে এমন ধারণা ছিল। এরপর নানাবিধ কারণে তারা কাশ্মীরে সফল হতে পারেনি।