লর্ডস জয় ভারতের

ট্রেন্ট ব্রিজ টেস্টে বৃষ্টি বাঁচিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে। লর্ডস টেস্টে তাদের কেউ বাঁচাতে পারেনি। ইংল্যান্ডকে ১২০ রানে অল আউট করে ১৫১ রানে জিতেছে ভারত। পাঁচ টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে তারা এগিয়েও গেছে।

লর্ডসে এটা ভারতের তৃতীয় টেস্ট জয়। ১৯৮৬ সালে কপিল দেবের অধিনায়কত্বে প্রথমবার ৫ উইকেটে জিতেছিল তারা। এর ২৮ বছর পর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ৯৫ রানে জিতেছিল। গতকাল বিরাট কোহলির নেতৃত্বে আবার লর্ডস জয় করল। দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই চার ভারতীয় পেসারের সামনে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড। জাসপ্রিত বুমরাহ ৩৩ রানে ৩ ও মোহাম্মদ সিরাজ ৩২ রানে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া মোহাম্মদ শামি ১ ও ইশান্ত শর্মা ২ উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস মাত্র ৫১.৫ ওভারে শেষ হয়। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জো রুট সর্বোচ্চ ৩৩ রান করেন। জশ বাটলার করেন ২৫ রান। ভারত চতুর্থ দিন শেষ করেছিল ৬ উইকেটে ১৮১ রান নিয়ে। ১৪ রানে অপরাজিত ঋষভ পান্থ গতকাল ২২ রানে প্যাভিলিয়নে ফেরেন। তখন মনে হচ্ছিল লিড বড় হবে না সফরকারীদের। কিন্তু নবম উইকেটে শামি আর বুমরাহ সব হিসাব বদলে দেন। ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। এটা লর্ডসে নবম উইকেটে ভারতের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড। শামি ৭০ বলে ৫৬ রানে অপরাজিত ছিলেন। মেরেছেন ৬ চার ও ১ ছক্কা। বুমরাহ ৬৪ বলে ৩ চারে ৩৪ রানে অপরাজিত ছিলেন। ভারত ৮ উইকেটে ২৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করলে স্বাগতিকদের সামনে টার্গেট দাঁড়ায় ২৭১ রানের। এই রান করা তো দূরের কথা, দুই সেশনও টিকতে পারেনি ইংলিশরা। প্রথম ইনিংসের সেঞ্চুরির জন্য ম্যাচসেরা হয়েছেন লোকেশ রাহুল।