সিরাজগঞ্জে পিকআপ-ট্রাক সংঘর্ষে ২ সেনাসদস্য নিহত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের সীমান্তবাজার এলাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে সোমবার রাত ৭টার দিকে সেনাবাহিনীর পিকআপের সাথে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে ২ সৈনিক নিহত হয়েছেন। আহত  হয়েছেন তিনজন।

নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার নওদা শালুয়া গ্রামের মোজাফফর হোসেনের ছেলে কর্পোরাল মেহেদী (৩৬) ও রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া গ্রামের শ্যামল দত্তের ছেলে সৈনিক দীপঙ্কর দত্ত (২১)।

আহতরা হলেন- নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বীরকান্দি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে সৈনিক মাইনুল (২১), বগুড়া জেলার ধুনট উপজেলার বেলকুচি গ্রামের আব্দুল মজিদের ছেলে ল্যান্স কর্পোরাল ইমরান (৩০) ও সার্জেন্ট ফিরোজ (৩৫)। সার্জেন্ট ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, সেনাবাহিনীর টহল গাড়িটি হাটিকুমরুলের দিক থেকে বঙ্গবন্ধু সেতুর দিকে আর সিমেন্টবোঝাই ট্রাকটি ঢাকার দিক থেকে উত্তরবঙ্গের দিকে যাওয়ার পথে সীমান্তবাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে।

এতে ৫ জন সৈনিক গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজন নিহত হন। আহত ২ জন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে কামারখন্দ থানা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীর বলেন, দুর্ঘটনার পর ট্রাকের হেলপার ও চালক পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত সিমেন্টবোঝাই ট্রাক ও সেনাবাহিনীর পিকআপটি উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা হেফাজতে রাখা হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহমেদ বলেন, দুর্ঘটনায় আহত পাঁচ সেনা সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা যায়। আহত ৩ জন এ হাসপাতালে চিকিৎসাধীন।