আফগান টিভিতে তালেবান নেতার সাক্ষাৎকার নিলেন নারী সাংবাদিক

রবিবার তালেবান কাবুলের নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকেই আফগানিস্তানের কোনো চ্যানেলে আর নারী উপস্থাপিকাদের দেখা যায়নি।

অনলাইনে প্রচারিত একটি ছবিতে দেখা যায়, আফগানিস্তানের জাতীয় টেলিভিশন চ্যানেলে একজন পুরুষ উপস্থাপক খবর পড়ছেন, যার সামনে তালেবানের পতাকা রয়েছে।

তবে বিবিসি এক প্রতিবেদনে জানায়, দিন গড়াতেই এর ব্যতিক্রম চোখে পড়েছে। যেখানে খবরের ফাঁকে তালেবান নেতার সাক্ষাৎকার নিলেন এক নারী সাংবাদিক।

আফগানিস্তানের অন্যতম প্রধান একটি সংবাদমাধ্যম টোলো নিউজের খবরে নারী সংবাদ পাঠকদের উপস্থিতি দেখা গেছে।

টোলো নিউজের সংবাদ বিভাগের প্রধান মিরাক পোপাল এ নিয়ে একটি টুইট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, একজন নারী উপস্থাপিকা তালেবান মিডিয়া টিমের একজন সদস্যের সাক্ষাৎকার নিচ্ছেন।

তিনি আরেকটি পোস্ট শেয়ার করেছেন যে, যেখানে দেখা যাচ্ছে হিজাব পরে একজন নারী কর্মী সংবাদকক্ষের সকালের মিটিংয়ে অংশ নিচ্ছেন।

দীর্ঘ ২০ বছর পর রবিবার আফগানিস্তানে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারি বাহিনীকে হটিয়ে রাজধানী কাবুল দখল করে নেয় তালেবান যোদ্ধারা।

তালেবানের অগ্রযাত্রার মুখে দেশ থেকে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট আশরাফ গানি। বর্তমানে তালেবানের হাতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ দিকে তালেবান সরকারের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ চায় বলে জানিয়েছে চীন। এ ছাড়া রাশিয়া, ইরান এবং পাকিস্তানও তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে।