ব‌শেমুর‌বিপ্রবি‌তে ইতিহাস বিভাগের শিক্ষার্থী‌দের মানববন্ধন

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপু‌রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সাম‌নে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এ সময় ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে বিভিন্ন ধরনের লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

মানববন্ধন চলাকালে হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক ফায়েকুর জামান টিটো, ইতিহাস বিভাগ ৩য় বর্ষের শিক্ষার্থী কারিমুল হক, মুক্তি মন্ডল, ২য় বর্ষের শিক্ষার্থী শান্ত ইসলাম তুহিন বক্তব্য রাখেন। পরে মানববন্ধন শে‌ষে একই স্থা‌নে সংবাদ সম্মেলন করে আন্দোলনরত শিক্ষার্থী।

এ সময় শিক্ষার্থী কারিমুল হক বলেন, সাবেক ভিসি খোন্দকার নাসির উদ্দিন ইউজিসি থেকে অনুমোদন না নিয়েই বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ খুলে শিক্ষার্থী ভর্তি করেন। বর্তমানে বিভাগটিতে ৪১৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত এক সভায় বিশ্ববিদ্যালয়টিতে ইতিহাস বিভাগের অনুমোদন না দিয়ে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ প্রদান করা হয়।

এতে শিক্ষার্থীদের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। আগামী এক মাসের মধ্যে ইতিহাস বিভাগের অনুমোদন দেয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।