ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাস এলাকায় ভ্রাম্যমাণ কোনো অবৈধ দোকান না রাখার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী।
এ সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে রোববার সন্ধ্যায় পুলিশের সহযোগিতায় ক্যাম্পাস এলাকায় অভিযান পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
অভিযানে ভ্রাম্যমাণ দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়। দোকানিদের দ্রুত সময়ের মধ্যে তাদের দোকানগুলো তুলে নিতে বলা হয়। টিএসসির পাশে অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানের ৩ নম্বর ফটকের দোকানিদের সব দোকান তুলে দিতে বুধবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।
প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, ক্যাম্পাসে অবৈধ ভ্রাম্যমাণ কোনো স্থাপনা থাকবে না, এটা নতুন কোনো সিদ্ধান্ত নয়। এখন করোনা মহামারী চলছে। এ সময়ে ক্যাম্পাসে বিশাল জমায়েত হচ্ছে শুধু খাদ্যকে কেন্দ্র করে। খাদ্য, অবৈধ সমাগম, অবৈধ ব্যবসা ইত্যাদি কারণে করোনার ঝুঁকি তৈরি হচ্ছে। ফলে ক্যাম্পাস থেকে এখন এগুলো সরাতে হচ্ছে।