সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রাক-পিকআপ সংঘর্ষে সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন সদস্য। গত সোমবার রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল সীমান্তবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রায়গঞ্জ উপজেলার নওদা শালুয়া গ্রামের মোজাফফর হোসেনের ছেলে করপোরাল মেহেদী (৩৬) ও রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া গ্রামের শ্যামল দত্তের ছেলে সৈনিক দীপঙ্কর দত্ত (২১)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, সোমবার সন্ধ্যার দিকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসের আরই-১১ ব্যাটালিয়নের সাত সেনাসদস্যকে বহনকারী একটি পিকআপ হাটিকুমরুল থেকে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিল। রাত ৭টার দিকে ঝাঐল সীমান্তবাজার নামক স্থানে পৌঁছামাত্র ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির সংঘর্ষ ঘটে। এতে পাঁচ সেনাসদস্য গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দুজনের মৃত্যু হয়। আহত তিনজনের মধ্যে দু’জন চিকিৎসাধীন রয়েছেন। অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।
কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
এদিকে গতকাল মঙ্গলবার বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিগড় বাসস্ট্যান্ডসংলগ্ন হাজী বাগান এলাকায় বাসচাপায় পথচারী দুই নারী নিহত হয়েছেন। তারা হলেন, উপজেলার শ্রীফুলিয়া গ্রামের কিতাব আলীর স্ত্রী রোকেয়া বেগম (৫৫) ও সৃষ্টিঘর এলাকার কাজী আয়েছ আলীর স্ত্রী অনোয়ারা বেগম (৬৫)। এ ছাড়া গত সোমবার গভীর রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের বিজিবি সেক্টরের ক্যান্টিনের সামনে বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত পরিচয় এক যুবক (২০) প্রাণ হারিয়েছেন।
নরসিংদীর ইটাখোলা হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ নূর হায়দার তালুকদার জানান, দুর্ঘটনার পর ভাঙচুরের পর বাসটিতে অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অপরদিকে মিরপুর থানার ওসি গোলাম মস্তফা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।