মিরসরাই

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ত্রাণ বিতরণ

জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে তিন হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার মঘাদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে খাদ্যসামগ্রী তুলে দেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, বিসিএলের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ এইচআরএ মোহাম্মদ আলতাফ হোসেন ও ডিপুটি ম্যানেজার নিয়ারুল ইসলাম।

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান তাসভীরের পাঠানো খাদ্যসামগ্রী পেয়ে ভীষণ খুশি দরিদ্র মানুষরা। তারা বলেন, ‘যিনি দিয়েছেন তার জন্য আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করছি।’ খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, আটা তিন কেজি ও ডাল দুই কেজি।

মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার বলেন, ‘আমার এলাকার অসহায় পরিবারগুলোকে ত্রাণ দিয়ে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান তাসভীর অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানুষ খাদ্যসামগ্রী পেয়ে খুবই আনন্দিত।’