আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি ১৬৯ মিলিয়ন ডলার নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করেছে দেশটির দূতাবাস।
রবিবার তালেবানরা কাবুল দখল করার দিনেই দেশ ছেড়ে পালান আশরাফ গানি। তার দেশ ত্যাগের সমালোচনা করেন স্থানীয় কর্মকর্তারাও। বুধবার আরব আমিরাত সরকারের পক্ষ থেকে জানানো হয়, গানি পরিবার নিয়ে তাদের দেশে আশ্রয় নিয়েছেন।
এদিনেই তাজিকিস্তানে অবস্থিত আফগান দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মাদ জাহির আকবর অভিযোগ করে বলেন, গানি রবিবার দেশ ছাড়ার সময় ১৬৯ মিলিয়ন ডলার নিয়ে গেছেন।
তিনি বলেন, প্রেসিডেন্ট গানি দেশ ও জাতির সঙ্গে বেইমানি করেছেন।
তিনি গানির সহযোগী ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহকে সমর্থন দেবেন বলে জানান।
আমিরুল্লাহ সালেহ নিজেকে অন্তবর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন মঙ্গলবার।
এর আগে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি দেশ ছেড়ে পালানোর সময় চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার ভর্তি নগদ অর্থ নিয়ে গেছেন বলে জানায় আল জাজিরা।
তাদের এক প্রতিবেদনে বলা হয়, কাবুলে রাশিয়া দূতাবাসের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা আরআইএ এ খবর প্রকাশ করেছে। তাদের তথ্যমতে, হেলিকপ্টারে জায়গা না হওয়ায় কিছু নগদ অর্থ ফেলে যেতে বাধ্য হয়েছেন আফগান প্রেসিডেন্ট।