পদ্মানদীতে তীব্র স্রোত থাকায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)। গতকাল বুধবার দুপুর ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ ফয়সাল।
তিনি জানান, সকাল থেকে এ নৌরুটে ৫টি ছোট ফেরি চলাচল করছিল। পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক ও পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। এদিকে ফেরি বন্ধে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-বাংলাবাজার উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে শতাধিক যানবাহন।