ক্যামেলিয়া হাসপাতাল

বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে ধর্মঘট শুরু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের নার্স ও কর্মচারীরা অবস্থান ধর্মঘট শুরু করেছেন। গতকাল বুধবার শুরু হওয়া এ ধর্মঘট আগামী তিনদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত কর্মীরা। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয় কর্মসূচিতে।

আন্দোলনরতরা বলেন, হাসপাতালের কর্মচারীদের জন্য বিভাগীয় শ্রম দপ্তর কর্তৃক প্রদত্ত নির্দেশনা অমান্য করে সুপারিশকৃত বেতন কাঠামো বাস্তবায়ন না করার প্রতিবাদে আমাদের এ ধর্মঘট।

গতকাল হাসপাতালের নার্স, ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্লস, পানিওয়ালা, মালি, ক্লিনার, ধোপা, বাবুর্চি ও পাহারাদারসহ বিভিন্ন পদে নিয়োজিত কর্মচারীরা হাসপাতালের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন। এ সময় বক্তব্য রাখেন নার্স মেরি রাল্ফ, তনুময় বর্মা, শ্রীমতি মৃধা প্রমুখ। এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চাইলে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশনের প্রশাসক ও দায়িত্বশীল কেউ কথা বলতে চাননি।