করোনায় মৃতদের সৎকার

যুক্তরাষ্ট্রে অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের ভিডিও প্রতিবেদন

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের সৎকারের কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের নিয়ে তৈরি ‘বাংলাদেশি ভলান্টিয়ার্স বেরি “এবানডেন্ট” কভিড-১৯ ডেড’ শীর্ষক ভিডিও প্রতিবেদন যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল অ্যাডওয়ার্ড আর মুরো অ্যাওয়ার্ডস-২০২১’ পেয়েছে। দেশটির রেডিও টেলিভিশন ডিজিটাল নিউজ অ্যাসোসিয়েশন (আরটিডিএনএ) এ পুরস্কার প্রদান করে। ভিডিও প্রতিবেদন তৈরি করেছেন বেনার নিউজের প্রতিনিধি শরীফ খিয়াম। এটি প্রযোজনা করেছেন আসিফ এন্তাজ রবি।

মার্কিন গণমাধ্যম রেডিও ফ্রি এশিয়ার (আরএফএ) সহযোগী অনলাইন সংবাদমাধ্যম বেনার নিউজ ভিডিও প্রতিবেদন প্রচার করায় ‘স্মল ডিজিটাল নিউজ অর্গানাইজেশন’ হিসেবে প্রতিযোগিতায় ‘এক্সিলেন্স ইন ভিডিও’ ক্যাটাগরিতে এ পুরস্কার জিতেছে। আরটিডিএনএর ওয়েবসাইটে গত মঙ্গলবার জয়ীদের তালিকাটি প্রকাশ করা হয়। যুদ্ধ সংবাদদাতা হিসেবে সুনাম অর্জনকারী আমেরিকান সম্প্রচার সাংবাদিক অ্যাডওয়ার্ড আর মুরো সম্প্রচার সংবাদ পেশার যে মান তৈরি করেছিলেন, তার প্রতি সম্মান জানাতে মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ডে সেসব স্থানীয় ও জাতীয় সংবাদকে স্বীকৃতি দেয়, যা আরটিডিএনএ কোড অব এথিকসকে সমর্থন করে, প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শন করে এবং সম্প্রদায়ের সেবা হিসেবে সাংবাদিকতার গুরুত্ব ও প্রভাবের উদাহরণ তৈরি করে।

গত বছর জুনে বেনার নিউজের ইংরেজি সংস্করণে ‘বাংলাদেশি ভলান্টিয়ার্স বেরি “এবানডেন্ট” কভিড-১৯ ডেড’ শিরোনামে এবং বাংলা সংস্করণে ‘করোনাভাইরাস : মৃতের আত্মীয়স্বজন দূরে, শেষযাত্রায় ভরসা স্বেচ্ছাসেবক’ শিরোনামে ভিডিও প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল।