মানিকগঞ্জে যমুনার পানি বেড়েছে ১২ সেন্টিমিটার

মানিকগঞ্জের  যমুনা নদীর পানি আরিচা পয়েন্টে  ২৪ ঘণ্টায় ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। যদিও এখনও বিপদসীমার ২১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার ৭টি উপজলার অভ্যন্তরীণ নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবারও নতুন নতুন  নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের যমুনা নদীর আরিচা পয়েন্টের পানির স্তর মাপক ফারুক আহম্মেদ বলেন, যমনা নদীর আরিচায় বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ১২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

গেল কয়েক দিনে মানিকগঞ্জের যমুনা ও পদ্বা নদীর পানি বৃদ্ধি পাওয়াতে জেলার সকল অভ্যন্তরীণ নদ-নদীর পানি বাড়তে শুরু করছে। একদিকে করেনার মহামারি অপরদিকে বন্যার পানি বৃদ্ধি পাওয়াতে নতুন শঙ্কায় পড়েছেন নদী পাড়ের মানুষেরা। জেলার চর এলাকা ও নদী পারের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় গো-খাদ্য সংকট দেখা দিয়েছে।

জেলার শিবালয়, ঘিওর, দৌলতপুর, হরিরামপুর ও সাটুরিয়া উপজেলার কিছু অংশ ভাঙন দেখা দিয়েছে। মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ঐ ভাঙন এলাকায় জিওব্যাগ ফেলেও ভাঙন প্রতিরোধ করতে পারছে না।