দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২ ছাত্র হত্যা মামলায় জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকিরসহ ২ জনকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এ তারা জামিন নিতে গেলে বিচারক ইসমাইল হোসেন জামিন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
আসামিরা হলেন- জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুর এলাকার লুৎফর রহমানের ছেলে জাকারিয়া জাকির এবং যুবলীগ নেতা ও জেলা শহরের উপশহর এলাকার মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ছেলে সিরাজুল সালেকিন রানা। তারা উভয়েই সিআইডির চার্জশিটভুক্ত আসামি।
গত বছরের ২৯ জুলাই আওয়ামী লীগের নেতাকর্মীসহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল সিআইডি।
দিনাজপুর আদালত পুলিশের পরিদর্শক মনিরজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আদালতের আদেশের পর আসামিদেরকে জেলহাজতে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৬ এপ্রিল দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের নবীনবরণ অনুষ্ঠান চলাকালে রাত ৮টার দিকে ছাত্রলীগের একটি গ্রুপ সশস্ত্র হামলা চালায়। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি করে এবং ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মারধর করে। এর জবাবে অপর একটি গ্রুপ প্রতিরোধ গড়ে তুললে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র জাকারিয়া শহীদ নুর হোসেন হলে ও কৃষি বিভাগের ছাত্র মাহমুদুল হাসান মিল্টন দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
খুনের ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি মামলায় ৪১ জনকে আসামি করা হয়। একইসাথে কোতোয়ালি থানার এসআই আব্দুল নুর বাদী হয়ে অজ্ঞাত ৫০/৬০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।
গত বছরের মার্চে মামলাগুলো পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডিতে) স্থানান্তরিত করা হয়। মামলায় ইতিপূর্বে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদ্য অব্যাহতি প্রাপ্ত সভাপতি আবু ইবনে রজব ও সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সুজনকে পুলিশ গ্রেপ্তার করে।
এরপর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন।