পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিলে বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত ও অন্তত ৫৯ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে প্রদেশের বাহাওয়ালনগর জেলায় এ ঘটনা ঘটে বলে খবর দিয়েছে ডন।
পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী রাজা বাশারাত জানান, আশুরার মিছিলে গ্রেনেড ছুড়ে মারে এক ব্যক্তি। পরে তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
বোমা হামলার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, পুলিশ সদস্য ও উদ্ধারকর্মীরা আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিচ্ছেন। রাস্তার আশপাশে অনেক আহত পড়ে রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সরদার উসমান বুজদার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কাউন্টার টেররিজম বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে ঘটনা তদন্ত করে শুক্রবার প্রতিবেদন দিতে বলেছেন।
করাচি পুলিশ এক বিবৃতিতে বলেছে, আশুরা উপলক্ষে দেশটিতে অন্তত ২১৮টি মিছিলের আয়োজন করা হয়েছে। এসব মিছিলে নিরাপত্তা দিতে ৯০ জন স্নাইপারসহ তাদের বাহিনীর ৬ হাজার ৩৬৮ সদস্য মোতায়েন করা হয়েছে।