সেরাদের নিয়েই অজিদের বিশ্বকাপ দল

সেরা তারকাদের নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের পর আসরের দ্বিতীয় দেশ হিসেবে চূড়ান্ত দল ঘোষণা করল তারা। ফিরেছেন ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়েনিস, প্যাট কামিন্স ও কেন রিচার্ডসন। উইন্ডিজ ও বংলাদেশ দুই সফরেই ছিলেন না তারা। তাছাড়া বাংলাদেশ সফরে অনুপস্থিত অ্যারন ফিঞ্চকে অধিনায়ক রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশ সফরে থাকা ৯ ক্রিকেটার টিকে গেছেন বিশ্বকাপ দলে। আর একদম নতুন মুখ উইকেটরক্ষক ব্যাটসম্যান জস ইংলিশ।

উইন্ডিজ ও বাংলাদেশ মিলিয়ে টানা দুই সিরিজ হারলেও তা নিয়ে হতাশা নেই সদ্য নিযুক্ত প্রধান নির্বাচক জর্জ বেইলির। বরং বিশ্বাস রাখছেন বিশ্বকাপ দলটাই মূল আসরে ভালো করবে। সেরা তারকাদের ফিরিয়ে বেইলি বলেন, ‘এবারের টুর্নামেন্টটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। আমার বিশ্বাস গত সিরিজগুলোয় ব্যর্থতার পরও এ দলটি টুর্নামেন্টের গভীরে যাবে। আমাদের দলে নির্দিষ্ট কিছু বিভাগে বিশ্বের সেরারা আছেন। টি-টোয়েন্টিতে বিশ্বজুড়েই ওরা সফল। এ ছাড়া তরুণ যারা আছে তারাও গত দুটি কঠিন সিরিজে নিজেদের সামর্থ্যরে প্রমাণ রেখেছে।’

সেরাদের ফেরার পাশাপাশি সবশেষ বাংলাদেশ সফরের দলের ৯ জনই টিকে গেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে। তাদের মধ্যে সাকিব আল হাসানকে এক ওভারে ৫ ছক্কা হাঁকানো ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ও অভিষেকের হ্যাটট্রিক করা নাথান এলিস আছেন রিজার্ভ ক্রিকেটার হিসেবে। বাকি সাতজন মূল দলে। একমাত্র নতুন মুখ ইংলিশ সম্প্রতি ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগ ভাইটালিটি ব্লাস্টে ১৭৫.৮২ স্ট্রাইকরেট এবং ৪৮.২৭ গড়ে করেছেন ৫৩১ রান। এ ছাড়া টি-হান্ড্রেডেও ঝড়ো ব্যাটিং করেছেন লন্ডন স্পিরিটের হয়ে। এ পারফরম্যান্সই সরাসরি বিশ্বকাপ দলে সুযোগ এনে দেয় তাকে। ২৩ অক্টোবর আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ মিশন। তাদের গ্রুপে আরও থাকছে দুবারের চ্যাম্পিয়ন উইন্ডিজ, একবারের শিরোপাধারী ইংল্যান্ড এবং প্রথম রাউন্ডের এ গ্রুপের সেরা ও বি গ্রুপের রানার্সআপ।