পদ্মা সেতুর মতো চট্টগ্রামের বে-টার্মিনাল বাংলাদেশের গর্ব বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন এখানে বে-টার্মিনাল হবে। বে-টার্মিনাল নির্মাণে বন্দরের টাকার সমস্যা হলে সরকার আছে। বে-টার্মিনাল নির্মাণে বিদেশি অনেক বিনিয়োগকারী উচ্ছ্বসিত ছিল। কভিডের কারণে কিছুটা সময় লাগছে।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বন্দরের হালিশহরের ‘বে-টার্মিনাল’ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ২০২৪ সাল পর্যন্ত এই বে-টার্মিনাল নির্মাণে সময় নির্ধারণ করা হয়েছে । ইতিমধ্যে টাইমলাইন ঠিক করা হয়েছে। চট্টগ্রাম বন্দর এখানে মাল্টিপারপাস টার্মিনাল তৈরির কাজ শুরু করবে। জমি অধিগ্রহণ হয়েছে। মাটি ভরাটের কাজ হয়তো স্লো হচ্ছে। পায়রাতেও জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসনকে টাকা দিয়েছি।