১০ ও ১১ বছর বয়সী দুই শিশুকন্যার অভিভাবকত্ব পেতে উচ্চ আদালতের দারস্থ হয়েছেন জাপানের নাগরিক নাকানো এরিকো (৪৫)। হাইকোর্ট তার করা রিট আবেদনটি আমলে নিয়ে অন্তর্বর্তীকালীন আদেশে শিশু দুটিকে হাইকোর্টে হাজির করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি এক মাসের মধ্যে শিশুদের পিতা ইমরান শরীফ যাতে দুই মেয়েকে নিয়ে দেশত্যাগ করতে না পারেন সে বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেয়। আদেশে আগামী ৩১ আগস্ট শিশু দুটিকে আদালতে হাজির করতে ইমরান শরীফ ও তাদের এক নিকটাত্মীয়কে নির্দেশের পাশাপাশি আদালতে তাদের হাজির নিশ্চিত করতে রাজধানীর গুলশান ও আদাবর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।