মাদারীপুরের কালকিনিতে আবুল কাশেম নামে এক মুক্তিযোদ্ধাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে ঘণ্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা। এতে করে সকল যানচলাচল বন্ধ থাকায় প্রায় এক কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়। পরে খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করে দুর্বৃত্তরা।
এলাকাবাসী জানিয়েছে, ডাসার উপজেলার কাজীবাকাই এলাকার মুক্তিযোদ্ধা ও ডাসার উপজেলা আ.লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম ব্যাংকের কাজে কালকিনি উপজেলা সদরে যান। এসময় পূর্বশত্রুতার জেরে হঠাৎ করে ৪-৫ দুর্বৃত্ত মিলে মুক্তিযোদ্ধা আবুল কাশেমকে এলোপাতাড়িভাবে কিলঘুষি দিয়ে তার গায়ের পাঞ্জাবি ছিঁড়ে ফেলে। এ খবর পেয়ে লাঞ্ছিত ঘটনার প্রতিবাদে কাজী বাকাই এলাকার বিক্ষুব্ধ জনতা ডাসারের বাঁশতলায় প্রথমে বিক্ষেভ মিছিল করে। এ মিছিল শেষে পরে তারা পুনরায় ঢাকা-বরিশাল মহাসড়কের বালীগ্রাম এলাকার পাথরিয়ারপাড় স্ট্যান্ডে সড়ক অবরোধ রেখে টায়ার জ্বালিয়ে হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। পরে ডাসার থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।