বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার আরোহী এক প্রকৌশলী নিহত হয়েছেন। নিহত তৌফিকুল্লাহ (৩০) পেট্রো বাংলায় কর্মরত ছিলেন।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার মির্জাপুর বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় তার মা নাজমা আক্তার লিলি (৪৭) গুরুতর আহত হন। আহত নাজমা আক্তারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত তৌফিকুল্লাহ পাবনার সাথিয়া উপজেলার সরিষা ভিটাপাড়ার এম.এস ছানাউল্লাহর ছেলে।
তিনি মাকে নিয়ে বগুড়া থেকে প্রাইভেটকারযোগে সাথিয়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজার এলাকায় পৌঁছালে বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তৌফিকুল্লাহ মারা যান। প্রাইভেটকারের ভেতরে আটকে থাকা তার মাকে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে দেন।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা রতন হোসেন জানান, দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকার থেকে তাদের উদ্ধার করে একজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর এবং আহত নারীকে হাসপাতালে ভর্তি করা হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ কে এম বানিউল আনাম জানান, অজ্ঞাতনামা ট্রাকটি প্রাইভেটকারকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ায় ট্রাকটি আটক করা যায়নি। নিহতের পরিবারকে খবর পাঠানো হয়েছে। তারা পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।