২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: চূড়ান্ত পর্যায়ে শুনানির প্রস্তুতি

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের বরাত দিয়ে এ তথ্য জানায় বাংলাদেশ সংবাদ সংস্থা তথা বাসস।

তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার নথিপত্র অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করে পেপার বুক তৈরি করে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিধি অনুসারে শিগগিরই শুনানির পদক্ষেপ নেওয়া হবে।

অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন বলেন, ২১ আগস্টে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা ইতিহাসের জঘন্যতম ঘৃণ্য ঘটনা। ইতিমধ্যে এই মামলায় বিচারিক আদালতে দণ্ডিত পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এখন এ মামলা অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে।

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে আওয়ামী লীগের নেতা-কর্মীসহ ২৪ জন নিহত হন। এর মধ্যে রয়েছেন প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান। আহত হন শেখ হাসিনাসহ কয়েকশ’ নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

ওই ঘটনায় আনা মামলায় সব পক্ষকে বিদ্যমান আইনি সুবিধা দিয়ে বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করেন। বিচারিক আদালতের রায়ের পর ২১ আগস্ট গ্রেনেড হামলা সংক্রান্ত মামলা এখন হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানির অপেক্ষায় রয়েছে।

বিচারিক আদালতের রায়ে বিএনপি-জামায়াত জোট আমলের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, গোয়েন্দা সংস্থার তৎকালীন দুই শীর্ষ কর্মকর্তাসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ১৪ জন জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি-বি) সদস্য। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন ও অপর ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডসহ অর্থদন্ড দেওয়া হয়।

বিচারিক আদালতে এই মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুঁলি সৈয়দ রেজাউর রহমান বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের ধারাবাহিকতায় এই হামলা চালানো হয়েছিল। আওয়ামী লীগ সভানেত্রী গণতন্ত্রের মানসকন্যা, মাদার অব হিউম্যানিটি, সাবেক বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য ও দেশকে অকার্যকর করাই ছিল ওই হামলার উদ্দেশ্য।