করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ও অর্থনীতিবিদ অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান মারা গেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের মেয়ে ও বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক তাসমিনা রহমান জানান, ‘বেলা সাড়ে ৩টার দিকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান। তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।’
এর আগে করোনায় আক্রান্ত হলে গত ৪ আগস্ট অধ্যাপক মুস্তাহিদুর রহমানকে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এ ছাড়া হার্টের সমস্যার কারণে দুই মাস আগে তার বাইপাস সার্জারি হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৪তম উপাচার্য হিসেবে ২০০৪ থেকে ২০০৮ সাল মেয়াদে দায়িত্ব পালন করেন অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান। তিনি অর্থনীতি বিভাগের শিক্ষকতা করেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বর্তমান উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান ১৯৪৯ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা শামসুর রহমান পূর্বপাকিস্তান সরকারের মন্ত্রী ছিলেন। তিনি ১৯৬৪ সালে ঢাকা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে ১ম স্থান অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইসলামাবাদ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর দিকে যোগদান করা শিক্ষকদের মধ্যে অন্যতম অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান। শিক্ষাবিদ ও এ অর্থনীতিবিদ বিশ্ববিদ্যালয়ে ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, সিনেট, সিন্ডিকেট সদস্যসহ বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে ছাত্র ইউনিয়নের সক্রিয় কর্মী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।