কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১০ রোগীর মৃত্যু

কুষ্টিয়ায় করোনাভাইসের সংক্রমণে ও উপসর্গ নিয়ে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ৪ এবং ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করোনাক্রান্ত এবং ৫ জন উপসর্গসহ মোট ১০ রোগীর মৃত্যু হয়েছে।

একই সময়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ২৬২টি নমুনা পরীক্ষা করে ৫০ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ১৯ শতাংশ।

হাসপাতালের সর্বশেষ চিত্র তুলে ধরে তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বলেন, বর্তমানে হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে ১০৯ জন এবং উপসর্গ নিয়ে ৩৭ জন মোট ১৪৬ জন কুষ্টিয়ায় করোনা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার মৃত্যু শূন্য এবং শুক্রবার শুধুমাত্র উপসর্গে ৫ জনের মৃত্যু হলেও আজ শনিবার হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়ে ১০ জনে দাঁড়িয়েছে।

কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৬২টি নমুনা পরীক্ষায় ৫০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ১৯ শতাংশ। এ সময়ের মধ্যে চিকিৎসাধীন ৫ জন করোনাক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যদিয়ে জেলায় মোট আক্রান্ত মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬৯৮ জন।