মুরগী চুরির অপবাদ দেওয়ায় পার্বতীপুরে স্কুলছাত্রের আত্মহত্যা

দিনাজপুরের পার্বতীপুরে মুরগী চুরির অপবাদ দেওয়ায় মোরসালিন (১৭) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১০টায় উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাঘপুর চয়নপাড়া গ্রামে। 

পুলিশ দুপুর ১টায় ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানা হয়। 

এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। 

পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানিয়েছেন, শনিবার সকালে দীর্ঘ সময় মোরসালিন ঘরের দরজা বন্ধ করে রাখায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে ঘরের দরজা ভেঙে ফেললে মোরসালিনকে ছাদের বর্গায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মোরসালিন নূরল মজিদ হাই স্কুলের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্র।  

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রতিবেশী মোহাম্মদ হোসেন শুক্রবার তাকে মুরগী চুরির অপবাদ দেয়। এ ছাড়া বিকেলে স্থানীয় ফকির বাজারে সেলুনে চুল কাটতে গেলে কিছু বখাটে ছেলে সেখানে ঘেরাও করে তাকে লাঞ্ছিত করে। এ নিয়ে তাদের মধ্যে বাদানুবাদও হয়। 

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।