গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আখাউড়ায় আলোচনা সভা ও দোয়া

২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি জোট সরকারের আমলে ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে এ হামলায় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ ২৪ নেতাকর্মী নিহত হন। সেদিন ভাগ্যের জোরে প্রাণে বাঁচেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

তবে এ পরিকল্পিত হামলায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীসহ তিন শতাধিক মানুষ আহত হয়। ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলায় নিহত দলীয় নেতাকর্মীদের স্মরণে প্রতি বছর আওয়া মীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের আত্মার মাগফেরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে আসছে।

এর ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভার শুরুতে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূইয়া প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকর হবে। এ হামলার মাস্টারমাইন্ডসহ যারা পালিয়ে আছে তাদের এনে বিচারের রায় কার্যকর করা হবে।

তারা দ্রুত এ নারকীয় হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার দাবি জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন বাবুল, মো. সেলিম ভূইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ ভূইয়া বাদল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম, যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবু কাউছার ভূইয়া, ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।