নায়করাজের প্রয়াণ দিবসে শিল্পী সমিতির শ্রদ্ধা

২০১৭ সালের ২১ আগস্ট পরলোকগমন করেন নায়করাজ রাজ্জাক। প্রয়াণের ৪ বছর পূর্তিতে এই কিংবদন্তিকে বিভিন্ন ভাবে স্মরণ করছেন সাধারণ মানুষ থেকে চলচ্চিত্র সংশ্লিষ্টরাও। এদিন তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় তারই হাতে গড়া শিল্পী সমিতির বর্তমান নেতা কর্মীরা।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, রাজ্জাক ভাই আমাদের কাছে কিংবদন্তি। তার শূন্যস্থান পূরণ হওয়ার নয়। চতুর্থ প্রয়াণ দিনে শিল্পী সমিতির পক্ষ থেকে তার সমাধিতে দুপুরের দিকে আমরা কয়েক জন ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি।

জায়েদ খান ছাড়াও এ সময় নায়করাজের সমাধিস্থলে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাংগঠনিক সম্পাদক সুব্রত, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, কার্যনির্বাহী সদস্য মারুফ ও জয় চৌধুরীসহ আরো কয়েকজন।

জায়েদ খান জানান, রাজ্জাক ভাইয়ের সমাধিস্থলে শ্রদ্ধা জানানোর পাশাপাশি এদিন শিল্পী সমিতির উদ্যোগে কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন চলছে। বিকেলে দুস্থদের মাঝে তবারক বিতরণ করা হবে।

এর আগে এদিন সকালে নায়করাজের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় তার পরিবার। এ সময় চিত্রনায়ক বাপ্পারাজ ও সম্রাট ছাড়াও উপস্থিত ছিলেন পরিবারের অন্য সদস্যরা।