অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের মাটিতে মনমতো উইকেট তৈরি করে হোম কন্ডিশনের সুবিধা ভালো ভাবে নিয়েছে স্বাগতিকরা। তাতে অবশ্য প্রশ্নও ছিল। সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপের কথা মাথায় রাখলে মিরপুরের ওই উইকেট তো প্রস্তুতির জন্য আদর্শ না। বাংলাদেশ দলের সেরা তারকা সাকিব আল হাসানও তা বোঝেন ভালোভাবেই। তাই নিউজিল্যান্ড সিরিজে স্পোর্টিং উইকেট আশা করছেন। যেন বিশ্বকাপের প্রস্তুতিটা এই সিরিজ দিয়ে কিছুটা এগিয়ে থাকে।
অবশ্য উইকেট কেমন হবে সেটা ক্রিকেটারদের হাতে থাকে না। তাদের ইচ্ছেমতো পিচ তৈরিও করা হয় না। টিম ম্যানেজমেন্ট যেমন চায় তেমন উইকেটই হবে নিউজিল্যান্ড সিরিজে। অস্ট্রেলিয়া সিরিজের মতো আরেকটি সেøা এবং লো পিচই হতে যাচ্ছে। সাকিবের ইচ্ছা কিন্তু স্পোর্টিং উইকেট। কারণ বিশ্বের সেরা অলরাউন্ডার জানেন টি-২০ বেশিরভাগ ব্যাটিং সহায়ক উইকেটেই খেলা হয়। দেশের একটি দৈনিকে একান্ত সাক্ষাৎকারে সাকিব জানান, ‘বিশ্বের যেখানেই টি-২০ খেলা হোক না কেন ভালো উইকেটেই কিন্তু হয়। তাই নিউজিল্যান্ডের সঙ্গে আমরা যদি ভালো উইকেটে খেলি তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য আমাদের ভালো হবে। এটা অবশ্য টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত যে কী রকম উইকেটে আমরা খেলব। যে উইকেটই হোক না কেন আমাদের মানিয়ে নিতে হবে। এই সিরিজটা আমাদের মাটিতে তাই কোনো অজুহাত চলবে না।’
বেশ কিছুদিন ধরেই ব্যাটে ধারাবাহিক নন সাকিব। জিম্বাবুয়ে সিরিজে একটি ওয়ানডেতে সেঞ্চুরি ছোঁয়া ইনিংস খেলেছিলেন। এছাড়া তেমন রান পাননি। তবে বিশ্বকাপে ভালো করতে আসন্ন আইপিএলকে পাখির চোখ করেছেন সাকিব। ২০১৯ বিশ্বকাপের আগে যেমন আইপিএলের নিজের ফিটনেস নিয়ে কাজ করে সফল হন এবারও টি-২০ বিশ্বকাপের আগে আইপিএলকে কাজে লাগাতে চান। জানালেন, ‘অবশ্য বিশ্বকাপের জন্য আইপিএল উৎকৃষ্ট প্রস্তুতির জায়গা। তবে প্রস্তুতিটা দুরকম হবে। কলকাতার হয়ে যদি ম্যাচ খেলতে পারি তাহলে একরকম আর না খেললে আমাকে অনুশীলনের মাধ্যমে প্রস্তুতি নিতে হবে। যেরকমটা ২০১৯ এর সময় হয়েছিল।’