তুরস্কের প্রতিরক্ষা উপমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সেনাবাহিনী প্রধানের

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গত বৃহস্পতিবার তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের মন্ত্রী ইসমাইল দেমির এবং জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী মুহসিন দেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

উভয়ের সঙ্গে সাক্ষাতে সেনাবাহিনী প্রধান বলেন, ‘তুরস্ক এবং বাংলাদেশ তথা দু’দেশের সেনাবাহিনীর মধ্যে দীর্ঘ কৌশলগত বন্ধুত্ব এবং সাংস্কৃতিক বন্ধন রয়েছে। তার এই সফরের পরে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা-২০২১ পরিদর্শন উপলক্ষে তুরস্কে তার সরকারি সফরের মাধ্যমে দু’দেশের সামরিক বাহিনী, বিশেষ করে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে।’

প্রতিরক্ষা মেলায় আমন্ত্রণ জানানোর জন্য তুর্কি ডিফেন্স ইন্ডাস্ট্রিজের মন্ত্রী এবং জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী উভয়কেই ধন্যবাদ জ্ঞাপন করেন সেনাপ্রধান।