সড়কে প্রাণ গেল ৬ জনের

দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শনিবার ভোর পর্যন্ত বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক ও আরোহী তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া সিরাজগঞ্জের শাহজাদপুরে দুটি ট্রাকের সংঘর্ষে এক ব্যবসায়ী, মাদারীপুর সদরে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু ও লালমনিরহাটের পাটগ্রামে গাড়ির ধাক্কায় এক জেলে নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে-

গাইবান্ধা : গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক ও আরোহী তিনজন নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের তালুককানুপুর চ-িপুর গ্রামের নুনদহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ উপজেলার কালুগাড়ী বাসুপাড়া গ্রামের মাহাবুব মিয়া (২৭), বিষ্টুপুর গ্রামের আব্দুল করিম (৫৫) ও সুন্দইল গ্রামের ভুট্টু মিয়া (৪০)। পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে করিম ও ভুট্টুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মাহবুব। চ-িপুর নুনদহ ব্রিজ এলাকায় দ্রুতগামী একটি বাসের নিচে মোটরসাইকেলটি ঢুকে যায়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খাইরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ : শাহজাদপুর উপজেলায় দুটি ট্রাকের সংঘর্ষে মো. পাশা খাঁন (৪৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। গত শুক্রবার ভোর ৪টার দিকে পাড়কোলা কাঁঠালতলা এলাকায় বগুড়া-নগরবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঘটনার সময় কয়েকজন কাঁচামাল ব্যবসায়ীকে বহন করা পাবনাগামী ট্রাকটি বগুড়া-নগরবাড়ী সড়কে পৌঁছালে বালুবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পাবনাগামী ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে পাঁচজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হলে পাশা খাঁন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মাদারীপুর : সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মেহেরজান (১২) নামে এক শিশু নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেহেরজান ফরিদপুরের ভাঙ্গা থানার দিগনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, নতুন বাসস্ট্যান্ড শেখ হাসিনা মহাসড়কের (ফোর লাইন) আইল্যান্ডের মাঝ দিয়ে রাস্তা পার হচ্ছিল দুই ভাই মেহেরজান ও আবু বকর। এ সময় উল্টোপথে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় মেহেরজান। পরে তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

লালমনিরহাট : পাটগ্রাম উপজেলায় গাড়ির ধাক্কায় রাখাল দাস (৪২) নামে এক জেলে নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে নবীনগর মেছেরঘাট এলাকায় লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গতকাল ভোর সাড়ে ৫ টার দিকে স্থানীয় সানিয়াজান নদীতে মাছ ধরতে জাল নিয়ে বের হন রাখাল। পথে নবীনগর মেছেরঘাট এলাকার সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।