পরীমনির জামিন শুনানি ১৩ সেপ্টেম্বর

বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমনির জামিনের বিষয়ে শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে রবিবার পরীমনির আইনজীবী অ্যাডভোকেট মজিবুর রহমান জামিনের আবেদন করেন। পরে আদালত এ বিষয়ে শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর ধার্য করেছেন।

এর আগে শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিকে তৃতীয় দফায় রিমান্ড শেষে হাজির করেন। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত এ আবেদন মঞ্জুর করলে পরীমনিকে কারাগারে পাঠানো হয়।

গত ৪ আগস্ট ‘বিপুল মাদক’সহ বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। এরপর ১৯ আগস্ট এক দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর হয়।