পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মহিব্বুর রহমানের বিরুদ্ধে হাইকোর্টের আদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন কলাপাড়া উপজেলার ধুলাস্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত জামান খলিফার ছেলে কেএম মেহেদী হাসান ও মেয়ে জিনিয়া জেসমিন এ অভিযোগ করেন।
কেএম মেহেদী হাসান ও মেয়ে জিনিয়া জেসমিন লিখিত বক্তব্যে জানান, তাদের পিতা সাবেক ধুলাস্বর ইউনিয়নের পাঁচবার নির্বাচিত চেয়ারম্যান মৃত জামান খলিফা ২০০৩ সালে আলীপুর নিবাসী জনৈক আদম আলীর কাছ থেকে ২.৩৭ একর জমি ক্রয় করে ভোগ দখল করে আসছেন। তাদের ভোগদখলীয় জমিতে স্থানীয় ব্যবসায়ীদের দোকানঘর ভাড়া দিয়েছেন।
লিখিত বক্তব্যে তারা বলেন, এমপি মহিব্বুর রহমান ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময় একটি ভুয়া দলিল তৈরি করে তাদের বিরুদ্ধে সহকারী কমিশনার ভূমি আদালতে একটি মামলা দায়ের করেন। তার কাগজপত্র সঠিক না থাকায় সহকারী কমিশনার ভূমি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সহকারী জজ আদালত, জেলা ও দায়রা জজ আদালতে তিনি মামলা পরিচালনা করে হেরে যান। পরে ২০০৫ সালে হাইকোর্টে তিনি একটি সিভিল রিভিশন দাখিল করলে হাইকোর্ট তা গ্রহণ করে জেলা জজ আদালতের আদেশ বাতিল করেন। এই আদেশের বিরুদ্ধে জামান খলিফা সুপ্রিম কোর্টে আপিল করলে কোর্ট চলতি বছরের জানুয়ারি মাসে বিরোধীয় ভূমিতে স্থিতাবস্থার আদেশ দেয়।
তারা অভিযোগ করেন, সুপ্রিম কোর্টে সুনির্দিষ্ট আদেশ থাকার পরও এমপি মহিব্বুর রহমান ক্ষমতার প্রভাবে ওই জমি দখল করে চলছেন। গত দুই দিন ধরে তার লোকজন বিরোধীয় জমির দোকানপাট ভেঙে সেখানে পাকা স্থাপনা নির্মাণ করেছেন। নিচু যে জমি রয়েছে সেখানে বালু ফেলে ভরাট করা হচ্ছে। তার ভয়ে স্থানীয় কারুর কাছ থেকে আইনি সহায়তা পাচ্ছেন না বলেও অভিযোগ তাদের।
অভিযোগের বিষয়ে সংসদ সদস্য মহিব্বুর রহমান জানান, যে জমিতে অবকাঠামো নির্মাণ করা হচ্ছে, সে জমি নিয়ে কোন বিরোধ নেই। জনৈক সামসুন্নাহারের কাছ থেকে ওই জমি ক্রয় করে নিয়ম মেনে অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। তৃতীয় কোন পক্ষের পরামর্শে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এ সংবাদ সম্মেলন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।