আফগান পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তালেবানের হাতে কাবুল পতনের পর বাইডেনকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের পরাজয় এখনো মেনে নেননি ট্রাম্প। তাই তিনি তার বক্তৃতা-বিবৃতিতে বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে সম্বোধন করেন না। যথারীতি এবারও বাইডেনকে প্রেসিডেন্ট সম্বোধন না করে আফগান পরিস্থিতির জন্য তাকে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করতে বললেন ট্রাম্প।
‘সেভ আমেরিকা’ নামের নিজস্ব প্ল্যাটফর্ম থেকে দেওয়া সবশেষ বিবৃতিতে ট্রাম্প বলেন, বেসামরিক লোকজনকে সরিয়ে আনার আগেই আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের জন্য বাইডেনের ক্ষমা চাওয়া উচিত। একই সঙ্গে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সরিয়ে আনার আগেই যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের জন্যও তিনি বাইডেনকে জাতির কাছে ক্ষমা চাইতে বলেন। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আফগানিস্তানে থাকা আমেরিকার ৮৫ বিলিয়ন ডলারের অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র এখন তালেবানের হাতে। আধুনিকতম প্রযুক্তির এসব অস্ত্রশস্ত্র এখন সহজেই চীন ও রাশিয়ার করায়ত্ত হবে। এসব দেশ এই অস্ত্র দেখে নিজেরাই তা তৈরি করতে পারবে।