পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট

তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত, ঘাটে সারিবদ্ধ ট্রাক

পদ্মায় তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় পদ্মার আরিচা পয়েন্টে ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার খবর পাওয়া গেছে। ফলে স্রোত বেড়ে যাওয়ায় পাটুরিয়া থেকে দৌলতদিয়া প্রান্তে যেতে একেকটি ফেরির সময় লাগছে প্রায় দেড় ঘণ্টার মতো। আর দৌলতদিয়া থেকে পাটুরিয়া প্রান্তে আসতে সময় লাগছে ৪৫ মিনিট।

এতে উভয় ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। অন্যদিকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরিতে ভাড়ী যান পারাপার সীমিত করে দেওয়ায় দৌলতদিয়া প্রান্তে ট্রাক, কাভার্ড ভ্যান ও অন্যান্য পণ্যবাহী যানের দীর্ঘ জট তৈরি হয়েছে। একেকটি ট্রাককে ঘাট পার হতেই এক থেকে একাধিক দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বলে জানা গেছে। এতে দূরপাল্লার ট্রাকচালক ও তাদের সহযোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বাড়তি চাপ পড়েছে। গতকাল রবিবার সকাল থেকে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হলেও হিমশিম খেতে হচ্ছে।

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশ সূত্র জানায়, পাটুরিয়া প্রান্তে গত কয়েক দিনের তুলনায় গতকাল যানবাহনের চাপ তেমন একটা ছিল না। বিকেল ৪টার দিকে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী শতাধিক পণ্যবাহী ট্রাক, ৫০টির মতো যাত্রীবাহী বাস ও ৫০টির মতো ব্যক্তিগত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় ছিল।

এদিকে দৌলতদিয়া ও গোয়ালন্দ মোড়ে ট্রাকের দীর্ঘ যানজটের খবর পাওয়া গেছে। দৌলতদিয়া প্রান্তে পারাপারের অপেক্ষায় সারিবদ্ধ পাঁচ শতাধিক ট্রাকের অবস্থানের খবর জানিয়েছে একাধিক সূত্র। গতকাল সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাড়কের নূর ম-লপাড়া পর্যন্ত ২ কিলোমিটার কাভার্ড ভ্যানসহ অন্যান্য পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি চোখে পড়েছে।

গোয়ালন্দ ফেরিঘাট এলাকায় আসা নূর মন্ডলপাড়ার সামনে সিরিয়ালে আটকে থাকা ট্রাকচালক বাবু মোল্লা দেশ রূপান্তরকে বলেন, ‘পরশু রাত সাতক্ষীরা থেকে ভাংড়ি লোহা নিয়ে ঢাকার কেরানীগঞ্জের জন্য রওনা হয়ে গোয়ালন্দ মোড়ে এসে আটকা পড়ি। আজ ভোরে অনেক কষ্টে ফেরির সিরিয়াল পেয়ে ঘাট এলাকার জন্য রওনা হই। কিন্তু এসে দেখি এখানেও ট্রাকের লম্বা লাইন। এখানে চার ঘণ্টা হয়ে গেল সিরিয়ালে দাঁড়িয়ে আছি।’

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন বলেন, ‘বাংলাবাজার-শিমুলিয়া ফেরি চলাচল সীমিত করায় এ ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। ভোগান্তি নিরসনের জন্য আমরা কাজ করছি। বর্তমানে এই রুটে ১৮টি ফেরি চলাচল করছে।’