সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল শালা-দুলাভাইয়ের

সাভারের ভাকুর্তা ইউনিয়নে একটি সেপটিক ট্যাংকের ভেতরে নেমে শালা-দুলাভাইয়ের মৃত্যু হয়েছে।  গতকাল রবিবার দুপুরে ইউনিয়নটির চাইড়া গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলেন মো. সোহেল চৌধুরী (৪০) ও সোহেল রানা (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নতুন বাড়ির জন্য নির্মিত একটি নতুন সেপটিক ট্যাংকের মুখ দীর্ঘদিন বন্ধ অবস্থায় ছিল। গতকাল সেপটিক ট্যাংকটির ঢাকনা খুলে ময়লা পরিষ্কার করার জন্য ভেতরে প্রবেশ করেন দুলাভাই সোহেল রানা। কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও দুলাভাই উঠে না আসায় তার শালা সোহেল চৌধুরী তাকে উদ্ধারের জন্য ট্যাংকের ভেতর নামেন। পরে তারও কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের পক্ষ থেকে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কলা করা হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ভাকুর্তা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে ট্যাংকের ভেতর লাইট মারলে তাদের পড়ে থাকতে দেখা যায়। এ সময় দ্রুত উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।