করোনার ভারতীয় ধরন ডেল্টার বিস্তার কমিয়ে আনার চেষ্টা হিসেবে শুক্রবার কানাডা ও মেক্সিকোর স্থল সীমান্ত দিয়ে জরুরি নয় এমন ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।
ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে জানায়, স্থল ও ফেরিতে সীমান্ত অতিক্রমের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও দেশ দুটির সঙ্গে বিমান চলাচলে কোন বিধিনিষেধ নেই।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ গত বছর করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে মাসিক ভিত্তিতে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়। নিষেধাজ্ঞা ২১ আগস্ট শেষ হওয়ার পর, তা অন্তত ২১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
জরুরি নয় এমন ভ্রমণের ক্ষেত্রে থাকা ওই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের নাগরিক বা যাদের স্থায়ীভাবে বসবাসের বৈধতা রয়েছে তাদের জন্য প্রযোজ্য নয়। কানাডা ৯ আগস্ট থেকে তাদের অনুমোদিত টিকা গ্রহণের প্রমাণসহ দেশটিতে প্রবেশের অনুমতি দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোর ভ্রমণকারীদের জন্য এমন কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
সিনেট সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট নেতা চাক শুমারসহ কংগ্রেসের অনেক সদস্য চলমান বিধিনিষেধের সমালোচনা করেছেন। তার মতে, দুই দেশের নাগরিকত্ব রয়েছে এমন পরিবারগুলোকে আলাদা করছে এ ব্যবস্থা। এ ছাড়া সীমান্ত পর্যটনের ওপর নির্ভরশীল ব্যবসার ক্ষতি হচ্ছে।