রোনালদো নিজেই খেলতে চাননি প্রথম ম্যাচ!

‘ক্রিশ্চিয়ানো রোনালদো উদিনেসে-জুভেন্তাস ম্যাচে শুরুর একাদশে থাকছেন না। নিশ্চিত।’ এমন খবর দিয়ে দলবদল বিষয়ক নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো টুইট করেন রবিবার রাতে। সেখানে রোমানো যা লেখেন তা ছিল এমন- ‘তিনি (রোনালদো) নিজেই অনুরোধ করেছেন একাদশে না রাখতে। কারণ তিনি আগামী কদিনে দলবদলের একটা সমাধান খোঁজার আশায় আছেন। কিন্তু জুভেন্তাস রোনালদোকে নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি।’

রোমানোর এই টুইটে জল্পনা-কল্পনা শুরু হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কয়েকদিন আগেই গুঞ্জনে তিতিবিরক্ত রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে বিশাল বিবৃতিতে জানিয়ে দিলেন, তার ভবিষ্যৎ নিয়ে উল্টোপাল্টা (পড়–ন অপমানজনক) গুঞ্জন যেন না ছড়ানো হয়। কিন্তু উদিনেসের সঙ্গে মৌসুমের প্রথম লিগ ম্যাচে একাদশ না দেখার পর রোনালদোর জুভেন্তাস ছাড়ার গুঞ্জন আবার ডালপালা মেলা শুরু করে। তাকে ছাড়াই উদিনেসের মাঠে ২৩ মিনিটের মধ্যে দু’গোলে এগিয়েও যায়। কিন্তু দ্বিতীয়ার্ধে স্বাগতিক উদিনেসে ম্যাচে ফেরে। ৫০ মিনিটে চেক গোলকিপার সেসনির ভুলে জুভেন্তাস গোল খাওয়ার পর দেখা যায় আরেক নাটক। ৫৯ মিনিটে আলভারো মোরাতার বদলি হিসেবে রোনালদোকে নামান কোচ ম্যাক্স আলেগ্রি। ৮৩ মিনিটে উদিনেসেকে সমতায় ফিরতে দেখেন (২-২) রোনালদো। শাহরুখ খানের ওম শান্তি ওম সিনেমার ডায়ালগের মতো করে বলতে হয়Ñ ‘পিকচার আভি বাকি হ্যায়’। রোনালদোর পুরো বিষয়টি যদি চিত্রনাট্য হিসেবে ধরা হয় তবে নাটকের রোমাঞ্চের কেবল শুরু। ম্যাচের ইনজুরি সময়ের ৪র্থ মিনিটে হেডে গোল করেন রোনালদো। বুনো উল্লাসে মাতেন সিআরসেভেন। গায়ের জার্সি খুলে হলুদ কার্ডও দেখেন। কিন্তু বিধি বাম! ভিএআর-এ দেখা যায় রোনালদোর হাঁটু কয়েক মিলিমিটার অফসাইড লাইনের ভেতরে ছিল।

টানা ৯ বছরের লিগ কর্র্তৃত্ব গত বছর ইন্তার মিলানের কাছে হারানোর পর জুভেন্তাস কোচ পাল্টে আলেগ্রিকে আবার দায়িত্ব দেওয়ার পর থেকেই গুঞ্জন রোনালদো থাকবেন না তুরিনে। কারণ আলেগ্রি যে দলের প্রধান তারকা হিসেবে রোনালদোকে তেমন একটা পছন্দ করেন না। আর এক বছর মেয়াদ আছে জেনেও কেন রোনালদোকে নতুন করে চুক্তি করার দিকে হাঁটছে না জুভেন্তাস- তাতেও প্রমাণ হয় যে পর্তুগাল ফরোয়ার্ডকে রাখতে আর আগ্রহী নয় তুরিনের বুড়িরা। তাই বলে প্রথম ম্যাচের দলে রোনালদো থাকবেন নাÑ এটা অবিশ্বাস্য এক খবর। এর ব্যাখ্যা দিয়েছেন আলেগ্রি এভাবে, ‘ক্রিশ্চিয়ানো ঠিক আছেৃএটি কেবল মৌসুমের শুরু। সবাই ম্যাচ নিয়ে কথা বলছে, বিশেষ করে শুরুটা নিয়ে। আমি তাকে বেঞ্চে রেখেছি। জানতাম কোনো এক সময় তাকে প্রয়োজন হতে পারে। সে (রোনালদো) নিজেকে অন্য সবার মতোই তৈরি রেখেছে। সে ভালো খেলেছে, এমনকি একটি গোলও করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত (গোলটি) সেটি হয়নি।’ করোনার কারণে শুরু হয়েছিল ৫ বদলির নিয়ম। তা এবারও বহাল আছে সিরি’আ-তে। আলেগ্রি আরও বলেন, ‘৫ জন বদলির ব্যবস্থা আছে। আমার জন্য এমন অভিজ্ঞতা প্রথম। আমকে বুঝে উঠতে হবে যে কীভাবে বিষয়টি করতে হবে। আমি সঠিক ছিলাম নাকি ভুল তা বুঝতে পারছি না।’ প্রশ্ন অনেক হতে পারে। আলেগ্রি কি ইচ্ছে করে রোনালদোকে বেঞ্চে রেখে সাফাই গাইছেন ৫ বদলির? রোনালদো নিজেই নামতে চাননি নাকি রোনালদোর সময় ফুরিয়ে এসেছে জুভেন্তাসে। সময়ই সে উত্তর দেবে।

জুভেন্তাসের স্পোর্টিং ডিরেক্টর, চেক প্রজাতন্ত্রের সাবেক অধিনায়ক পাভেল নেদভেদ রোনালদোকে একাদশে বাইরে রাখার ব্যাপারে বলেছেন, ‘এই সিদ্ধান্ত ওর সঙ্গে কথা বলেই করা হয়েছে। মৌসুমের শুরু বলে তার ফিটনেস ১০০% নয়। কোচ চাচ্ছেন সেরা একাদশকে খেলোনার। দেখুন না কিয়েলিনিকেও একাদশে রাখা হয়নি।’ গত মৌসুমের অধিনায়ক কিয়েলিনির জায়গায় উদিনেসের বিপক্ষে নেতৃত্ব দিয়েছেন পাওলো দিবালা। বার্সেলোনা ও আতালান্তার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে রোনালদো খেলেছিলেন।