বাদল রায়ের পরিবারকে ফ্ল্যাট দিলেন প্রধানমন্ত্রী

কিংবদন্তি ফুটবলার ও ক্রীড়া সংগঠক প্রয়াত বাদল রায়ের পরিবারকে একটি ফ্ল্যাট ও ২৫ লাখ টাকা অনুদান দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি নিশ্চিত করেছেন বাদল রায়ের স্ত্রী মাধুরী রায়। ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন করে জানানো হয়েছে আমাদের নামে একটা ফ্ল্যাট বরাদ্দ হয়েছে। সঙ্গে অর্থও বরাদ্দ আছে। আমি ও আমার পরিবার তার কাছে চিরকৃতজ্ঞ। তিনি বাদলের জন্য যা করেছেন এবং এখন করলেন তাতে প্রমাণ হলো, তিনি আমাদের মাথার ওপরই আছেন। তিনি যে উপহার দিচ্ছেন, এটা আমাদের জন্য বিরাট সম্মানের।’

বাদল রায়ের এই সাহায্যপ্রাপ্তিতে কার্যকরী ভূমিকা রেখেছেন তার দীর্ঘদিনের বন্ধু সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফার। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গাফফার এই প্রসঙ্গে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সব সময় ক্রীড়াবিদদের পাশে থাকেন। বাদল তার খুবই প্রিয় একজন ছিলেন। হারুন ভাই (বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক) বাদলের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য উদ্যোগ নেন। পরে আমি বিষয়টি সমন্বয় করেছি।’ তিনি জানান, ‘প্রধানমন্ত্রীর দেওয়া ফ্ল্যাটটি হবে মিরপুর ১৪ নম্বরে। ফ্ল্যাটের পাশাপাশি বাদলের পরিবার ২৫ লাখ টাকাও পাবে। এছাড়া স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য সুভাষ দা ৩০ লাখ, ব্রাদার্সের ফুটবলার ও সাবেক জাতীয় অধিনায়ক সহিদউদ্দিন সেলিম ১০ লাখ এবং ফকিরেরপুল ইয়ংমেন্সের সাবেক সম্পাদক সাব্বির হোসেন ৫ লাখ টাকা পাবেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দেশে আসার পর খুব দ্রুততম সময়ের মধ্যে অসুস্থদের এবং বাদলের পরিবারের হাতে চেক হস্তান্তর হবে বলে জানান আব্দুল গাফফার। আরেক সাবেক জাতীয় ফুটবলার আজমতের সাহায্যের জন্যও প্রক্রিয়া চলছে।’

বাদল রায় খেলা ছাড়ার পর ক্রীড়া সংগঠক ও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া কমিটির সহ-সম্পাদক ছিলেন। ফুটবল ফেডারেশন ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু ক্রীড়া কল্যাণসেবী ফাউন্ডেশন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন কমিটিতে ছিলেন।