রাজশাহীর চারঘাট, বাঘা ও পুঠিয়া উপজেলায় অসহায় ৯০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বসুন্ধরা গ্রুপ। গতকাল সোমবার স্বাস্থ্যবিধি মেনে চারঘাট উপজেলার হল মাঠে রাজমিস্ত্রিসহ ৩০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম বলেন, ‘বসুন্ধরা গ্রুপের সহায়তায় দেশের একেবারে তৃণমূল পর্যায়ের অসহায় মানুষকে খাদ্যসামগ্রী দিচ্ছে। এ সময়ে যারা কাজ হারিয়েছেন তাদের জন্য এ সহায়তা উপকারে আসবে।’
এদিকে বাঘা উপজেলায় পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের মাঠে নদী ভাঙনকবলিত ও অতিদরিদ্র ৩০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করে বসুন্ধরা গ্রুপ। এ সময় পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ বলেন, ‘বসুন্ধরা গ্রুপ আমাদের এলাকার নদী ভাঙনকবলিত ৩০০ পরিবারকেও সহায়তা দিয়েছে। তাই তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
এছাড়া পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২৮টি গ্রামের ৩০০ পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি চাল, তিন কেজি ডাল ও তিন কেজি আটা দেওয়া হয়। এ সময় ইউপি চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, ‘বসুন্ধরা গ্রুপ আমাদের এলাকার ২৮টি গ্রামের অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দিয়েছে। তাদের ধন্যবাদ জানাই। তারা যেন আমাদের আরও সহযোগিতা করতে পারে।’ বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা কার্যক্রমে সহায়তা করে কালের কণ্ঠের শুভসংঘ। বিজ্ঞপ্তি।