বিচ্ছিন্নতাবাদী এক দলের শীর্ষ কমান্ডার ও তার সহযোগীকে বন্দুকযুদ্ধে হত্যা করেছে ভারত শাসিত কাশ্মীরের পুলিশ। তাদের বিরুদ্ধে বেশ কয়েকজনকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল।
নিহতরা হলেন, বিচ্ছিন্নতাবাদী দল দ্য রেসিস্ট্যান্স ফ্রন্টের (টিআরএফ) প্রধান আব্বাস শেখ এবং তার সহকারী সাকিব মাঞ্জুর। ভারত শাসিত কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এই দুজন নিহত হন। এমনটাই জানিয়েছেন কাশ্মীর পুলিশের প্রধান বিজয় কুমার।
তিনি বলেন, এই দুই বিচ্ছিন্নতাবাদী বেশ কয়েকজনকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন। তার মধ্যে রয়েছে বিশিষ্ট আইনজীবী বাবর কাদরীসহ দেশের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বেশ কয়েকজন কর্মীকে হত্যা।
কুমার আরও জানান, টিআরএফ হলো পাকিস্তান-ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী দল লস্কর-ই-তাইয়েবার একটি শাখা।
১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ অবসানের পর থেকে কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব চলছে ভারত ও তার প্রতিবেশী পাকিস্তানের মধ্যে। দুই দেশই সম্পূর্ণভাবে কাশ্মীর শাসন করতে চায়। তবে অঞ্চলটির দুই অংশ দখল করে রেখেছে ভারত-পাকিস্তান।
ইতিমধ্যে তিন দশকের বেশি সময়ে বিভিন্ন বিদ্রোহে ৫০ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে কাশ্মীরে। ভারতের অভিযোগ, মুসলিম বিচ্ছিন্নবাদী দলকে মদদ দিচ্ছে পাকিস্তান। যারা ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিভিন্ন সংঘর্ষে জড়াচ্ছে।
অন্যদিকে পাকিস্তানের দাবি, তার কেবল হিমালয় অঞ্চলের মুসলিমদের রাজনৈতিক সমর্থন দিচ্ছে।