আগুনে বেশ ক্ষতি হয়েছিল তুরস্কের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ মুগলার। তবে নিজের মতো করে থাকতে দিলে প্রকৃতি যে সবকিছু গুছিয়ে নিতে পারে তারই প্রমাণ পাওয়া গেল আবার। পরিবেশগত জীবন পুনরায় জেগে উঠেছে আগুনে ক্ষতিগ্রস্ত ওই অঞ্চলে।
জীববিজ্ঞানী ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ ইয়াসিন ইলেমিন মুগলা প্রদেশের মারমারিস জেলার পুড়ে যাওয়া এলাকার বেশকিছু ছবি তুলেছেন সম্প্রতি। সেসব ছবিতে স্পষ্ট— ছাই ঝেড়ে নতুন প্রাণ জেগে উঠছে মাটি থেকে। ফিরতে শুরু করেছে পাখিরা।
মুগলা সিতকি কোকম্যান বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে আছেন ইলেমিন। তিনি বন্যপ্রাণীর ওপর আগুনের প্রভাব নিয়ে মাঠপর্যায়ে গবেষণা করছেন জানান আনাদোলু এজেন্সিকে।
ইলেমিন বলেন, গবেষণা করতে গিয়ে তিনি দেখেছেন, পুড়ে যাওয়া কিছু জায়গা ফের সবুজ হয়ে উঠতে। ওই অঞ্চলে পাখির শব্দও শুনেছেন জানান তিনি।
গবেষণার সময় প্রাণবৈচিত্রের ছবি তোলার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের বিষয়টি উল্লেখ করেন ইলেমিন, ‘পুড়ে যাওয়া জায়গা ফের সবুজ জন্ম নিচ্ছে এবং জীবজন্তু বাস করতে শুরু করেছে।’
তার তোলা ওসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ইলেমিন। আর ক্যাপশনে লিখেছেন, ‘আপনাদের জন্য আমার এক সুসংবাদ রয়েছে।’
প্রায় তিন সপ্তাহ আগে তুরস্কের মারমারিসে ভয়াবহ আগুন লাগে। দাবানলে পরিবেশের বেশ ক্ষয়ক্ষতি হয়।
মাকিস প্রজাতির উদ্ভিদ, বিশেষ করে ভিটেক্স (অ্যাগনাস-ক্যাসতাস), ভারতীয় চন্দন সবুজ শরীর নিয়ে ভূমি ভেদ করে মাথা তোলে দাঁড়িয়েছে। এ ছাড়া পাইনাস ব্রুটিয়া নামের উদ্ভিদের বীজ ওই জায়গার সর্বত্র ছড়িয়ে আছে। তারা অধৈর্যভাবে অপেক্ষা করছে প্রথম বৃষ্টির জন্য।