কী হচ্ছে কাবুল বিমানবন্দরে, দেখতে গিয়ে যুক্তরাষ্ট্রে পাকিস্তানি ট্রাকচালক!

গত রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নিয়েছে তালেবানরা। বিভিন্ন দেশের নাগরিক ছাড়াও তাদের ভয়ে, ক্ষমতাচ্যুত হয়ে এবং নানা কারণে আফগানিস্তান ছাড়া হিড়িক পড়ে যায় সেদিন। বিমানবন্দরে দেখা দেয় গণ্ডগোল। আর সেই গণ্ডগোল দেখতে গিয়ে পাকিস্তানি এক ট্রাকচালক পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। 

অবিশ্বাস্য হলেও সত্যি এমন ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ডেইলি পাকিস্তান। টুইটারেও এ ঘটনার তথ্য-প্রমাণ ছড়িয়ে পড়েছে। 

জানা যায়, মাশো শিনওয়ারি নামে ওই ট্রাকচালক পাকিস্তানের পেশোয়ারের লান্ডি কোটালের বাসিন্দা। তিনি  পেশোয়ার থেকে তোরখাম পর্যন্ত ট্রাক চালিয়ে যান। রবিবার তালেবানরা কাবুল দখলে নেয়। দেশটির প্রেসিডেন্ট আশরাফ গানি দেশ ছেড়ে পালান। বিভিন্ন দূতাবাসও বন্ধ ঘোষণা করা হয়। এরপর শত শত মানুষ বিমানবন্দরেরর দিকে ছুটে যান। যুক্তরাষ্ট্রের সামরিক বিমানে তারা দেশ ছাড়তে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। সেখানে গুলিতে কয়েকজন নিহতও হন। 

গণ্ডগোলের খবর শুনে কাবুলের কোনো এক জায়গায় ট্রাক দাঁড় করিয়ে বিমানবন্দরের দিকে যান মাশো। হুড়োজুড়ির মধ্যে পড়ে কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই মাশো একটি বিমানে উঠে পড়েন এবং পরে নিজেকে যুক্তরাষ্ট্রে দেখতে পান। 

এই সময়ে তার পরিবার ধরে নিয়েছিল আফগানিস্তানে ক্ষমতা পরিবর্তনের ডামাডোলে মাশো মারা গেছেন। তবে কয়েকদিন পর আন্তর্জাতিক একটি নাম্বার থেকে ফোন পায় তারা। মাশো ফোনে তাদের জানান, তিনি বেঁচে আছেন এবং যুক্তরাষ্ট্রে আছেন। 

মাশো জানান, তিনি এখন যুক্তরাষ্ট্রেই কিছু একটা করে জীবিকা নির্বাহের কথা ভাবছেন এবং সেখানে স্থায়ী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন।