‘বেঙ্গল ক্লাসিকো’ ড্র, স্বপ্নভঙ্গ বসুন্ধরার

গ্রুপ পর্ব পেরিয়ে এএফসি কাপের পরের পর্বে যেতে হলে ভারতের ক্লাব এটিকে মোহনবাগানের বিপক্ষে জিততেই হতো বাংলাদেশের বসুন্ধরা কিংসকে। কিন্তু সমীকরণটা মেলাতে পারল না বাংলাদেশের চ্যাম্পিয়নরা। ‍পুরো অর্ধেক সময় ১০ জন নিয়ে খেলা বসুন্ধরা ড্র করল ম্যাচটি। ফলে ইন্টার-জোন প্লে-অফ সেমিফাইনালের টিকিট কেটে নিল মোহনবাগান।

মঙ্গলবার মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হওয়া ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ম্যাচের ২৮ মিনিটে জোনাথন ফার্নান্দেসের গোলে এগিয়ে গেলেও লিড ধরে রাখতে পারেনি বসুন্ধরা। ৬২ মিনিটে ডিভিড উইলিয়ামস ম্যাচে সমতা টানেন।

এর আগে প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বসুন্ধরার সুশান্ত ত্রিপুরা। ফলে ১০ জনের দলে পরিণত হয় তারা। এরপরও ভালো লড়াই চালিয়ে গেছে অস্কার ব্রুজোনের দল। ম্যাচের ৫১ শতাংশ বল নিজেদের দখলে রেখে খেলেছে তারা।

৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পরের পর্বে উঠল মোহনবাগান। বসুন্ধরা ১ জয় ও ২ ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে আসর শেষ করল।

বসুন্ধরা নিজেদের প্রথম ম্যাচে মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে ২-০ গোলে হারিয়েছিল। পরের ম্যাচে ভারতের আরেক ক্লাব বেঙ্গালুরু এফসির বিপক্ষে গোলশূন্য ড্র করে।

অন্যদিকে মোহনবাগান তাদের প্রথম দুই ম্যাচের দুটিতেই জয় তুলে নেয়। স্বদেশি ক্লাব বেঙ্গালুরুকে ২-০ তে হারিয়ে শুরুর পর স্বাগতিক মাজিয়ার বিপক্ষে তুলে নেয় ৩-১ গোলের জয়ে।

এদিনের বসুন্ধরা-মোহনবাগান লড়াইকে অনেকেই বলছিলেন ‘বেঙ্গল ক্লাসিকো’। এপার-ওপার বাংলার ক্লাবের লড়াই বলে কথা। সেই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কলকাতার প্রতিনিধিদের।