চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নুর উল্লাহকে (৪৬) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার সাত্তার ভূঁইয়া হাট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত নুর উল্লাহর ছেলে নাঈমুল ইসলাম শুভ বলেন, আমার বাবার সঙ্গে সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সাইফুল ইসলামের সরকারি পুকুরের লিজসংক্রান্ত ও ব্যবসায়িক বিরোধ ছিল। এছাড়া কিছুদিন আগে সাইফুল অস্ত্র মামলায় আটক হলে তার পরিবার আমার বাবাকে দোষারোপ করে।
তবে সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, নুর উল্লাহর সঙ্গে আমার ব্যবসায়িক বিরোধ ছিল, এটা সত্য তবে তার ওপর হামলার ঘটনায় আমার কোনো সম্পর্ক নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম জড়ানো হচ্ছে।
জোরারগঞ্জ থানার ওসি নূর হোসেন মামুন বলেন, নুর উল্লাহকে কুপিয়ে আহত করার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।