রিমসের ম্যাচের সব টিকিট শেষ

পিএসজির হয়ে লিওনেল মেসির অভিষেকের সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে ২৯ আগস্ট। কোচ মাউরিসিও পচেত্তিনোর কথায় তেমন ইঙ্গিতই পাওয়া গেছে। ফ্রেঞ্চ লিগ ওয়ানে প্যারিস সেন্ট জার্মেইয়ের চতুর্থ ম্যাচ সেদিন রিমাসের মাঠে। মেসির অভিষেকের সম্ভাবনার খবরে এক সপ্তাহ আগেই শেষ ম্যাচটির টিকিট! ২০ হাজার ৫৪৬ টিকিট বিক্রি হয়ে গেছে অনেক আগেই। স্টেডিয়ামের বাইরে ঝুলছে ‘নো টিকিট’ সাইনবোর্ড! এই ম্যাচের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে টিকিট কিনেছেন সমর্থকরা। রিমসের বক্স অফিসের প্রধান আলেকসঁদ জেনা বলেন, ‘অনলাইনে চিলি, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, মিসর ও ভারত থেকে কেনা হয়েছে টিকিট।’ পিএসজির জার্সিতে মেসির অভিষেকের দিন বিশেষ হতে যাচ্ছে, তা বুঝা যায় সংবাদমাধ্যমগুলোর অ্যাক্রিডিটেশন চাওয়ার মাধ্যমে। ১২০টি আবেদন পড়েছে এখন পর্যন্ত।

১০ আগস্ট মেসির চুক্তি হওয়ার পর পিএসজি দুই ম্যাচ খেলেছে। এর কোনোটিতেই আর্জেন্টাইন কিংবদন্তিকে দেখা যায়নি। কোচ বলেছেন, সর্বোচ্চ ফিটনেসে ফিরে পেলেই মাঠে নামবেন। মেসি যদি রিমসের সঙ্গে ম্যাচে খেলেন, তাহলে সেই ম্যাচ খেলেই তাকে দেশে যেতে হবে ২, ৫ ও ৯ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচ খেলতে। এরপর ১২ তারিখ পিএসজির পরবর্তী ম্যাচ। সন্দেহ আছে, মেসি সেই ম্যাচ খেলতে পারবেন কি না।